কুষ্টিয়ায় বেশি দামে তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0
17
কুষ্টিয়ায় বেশি দামে তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জ্বালানি তেলের সংকট ও সরবরাহ অনিশ্চয়তার খবরে কুষ্টিয়ার বিভিন্ন পাম্পে চালকদের ভিড় বেড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের, এমনকি কোথাও কোথাও মোটরসাইকেলে মাত্র ২০০ টাকার তেল নেওয়ার সীমাবদ্ধতাও দেখা গেছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার নতুনহাট এলাকার মেসার্স নয়ন ট্রেডার্স লিটার প্রতি ১৫০ টাকা দরে পেট্রোল বিক্রি করছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার সেখানে অভিযান চালান। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. জমসেদ অভিযোগের সত্যতা স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ভেড়ামারা পৌরসভার মেসার্স এম এ খালেক ফিলিং স্টেশনেও গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলে। তাওসিফ নামের এক ভুক্তভোগী জানান, ৪৫০ টাকার তেল নিলেও পাম্প কর্তৃপক্ষ তার কাছ থেকে ৫০০ টাকা রাখে। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমও নিশ্চিত করেছেন যে, জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here