খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

0
18
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়কোণা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। তিনি পানছড়ির মরাটিলা পদ্মিনীগ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আপন ত্রিপুরা সাংগঠনিক কাজে বড়কোণা পাড়ায় গেলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সশস্ত্র সদস্যরা খুব কাছ থেকে মাথায় গুলি করে তাকে হত্যা করে।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা এই ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, সন্তু গ্রুপ দীর্ঘ সময় ধরে পানছড়িতে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়দের মাধ্যমে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here