নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় মাটির নিচে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা একটি পানির ট্যাংকি থেকে ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেল (৩৪)-কে অবৈধভাবে তেল মজুদ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামীকালের মধ্যে উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।