ফাইনালে ভারত-নিউজিল্যান্ড মহারণ কাল, আহমেদাবাদে ‘অপয়া’ ভীতি কাটানোর চ্যালেঞ্জ স্বাগতিকদের

0
19
ফাইনালে ভারত-নিউজিল্যান্ড মহারণ কাল, আহমেদাবাদে ‘অপয়া’ ভীতি কাটানোর চ্যালেঞ্জ স্বাগতিকদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল শনিবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে হাইভোল্টেজ এই ফাইনাল ম্যাচটি। তবে আহমেদাবাদের এই ভেন্যুটিকে ভারতের জন্য একপ্রকার ‘অপয়া’ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারণ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এমনকি চলমান বিশ্বকাপেও এই মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে স্বাগতিকদের।

সবকিছু ছাপিয়ে এবার কার হাতে উঠবে শিরোপা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংক্ষিপ্ত এই সংস্করণে এখন পর্যন্ত দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা। এরপর ২০২৪ সালে রোহিত শর্মার হাত ধরে আসে দ্বিতীয় শিরোপা। এবার ঘরের মাঠে টানা দ্বিতীয় বা ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে।

অন্যদিকে, নিউজিল্যান্ড এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। ২০২১ সালের আসরে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। এছাড়া ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেললেও শিরোপা অধরাই রয়ে গেছে কিউইদের। টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আট আসরে তারা চারবার সেমিফাইনাল খেললেও ট্রফি ছোঁয়া হয়নি। এবার ফাইনালে আহমেদাবাদের গ্যালারিতে উপস্থিত থাকবেন এক লাখের বেশি দর্শক। এই বিপুল দর্শকচাপ ও প্রতিপক্ষের মাঠে স্নায়ু ধরে রেখে প্রথমবারের মতো শিরোপা খরা কাটাতে ভয়ডরহীন ক্রিকেট খেলার চ্যালেঞ্জ ব্ল্যাক ক্যাপদের সামনে।

ফাইনালে ওঠার পথে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ওই ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়েছিলেন ফিন অ্যালেন। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড ৪৯৯ রান ও ৩৪ ছক্কার এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে মাত্র ৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে স্পটলাইটে থাকবেন বিধ্বংসী ব্যাটার ফিন অ্যালেন ও পেসার ম্যাট হেনরি। অন্যদিকে ভারতের হয়ে নজর কাড়তে পারেন ইনফর্ম ব্যাটার সঞ্জু স্যামসন ও পেস সেনসেশন জাসপ্রীত বুমরাহ। উল্লেখ্য, এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here