ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিকে ‘ঝুঁকির সর্বোচ্চ মাত্রা’ হিসেবে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই বৈশ্বিক সংকটের ভয়াবহতা সম্পর্কে বিশ্বনেতাদের সতর্ক করেন।
গুতেরেস তাঁর বার্তায় উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে চলমান এসব ‘বেআইনি হামলা’ কেবল ওই অঞ্চলের বেসামরিক মানুষের ওপর চরম দুর্ভোগ ও অপূরণীয় ক্ষতি বয়ে আনছে না, বরং এটি বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে থাকা মানুষগুলো এই অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়ে সতর্ক করে জাতিসংঘ মহাসচিব বলেন, “পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যেতে পারে, যা শেষ পর্যন্ত কারও নিয়ন্ত্রণেই থাকবে না।” তিনি বর্তমান সময়কে অত্যন্ত নাজুক হিসেবে বর্ণনা করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান।
গুতেরেসের মতে, বর্তমান উত্তেজনার পারদ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি এর চেয়ে বেশি হওয়া আর সম্ভব নয়।