সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

0
15
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইতিবাচক ভূমিকা রাখতে চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার (৭ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে আয়োজিত বিএনপি দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শেষে এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সংসদে প্রথমবারের মতো ২৯৬ জন গেজেটেড সদস্যের মধ্যে ২১৯ জনই নতুন মুখ। বিএনপির কতজন নবীন সদস্য, তা আলাদাভাবে হিসাব করা হয়নি। তবে নতুন সদস্যরা যাতে সংসদে গিয়ে সঠিক ও কার্যকর ভূমিকা পালন করতে পারেন, সেজন্য নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও শেখার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার বিষয়বস্তু সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে রুলস অব প্রসিডিউর, পার্লামেন্টারি প্র্যাকটিস এবং কনফ্লিক্ট অব ইন্টারেস্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সংসদীয় রীতিনীতি, রেওয়াজ, পদ্ধতি—বিশেষ করে সংবিধান, কাস্টমস ও হাউসের কনভেনশন সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি এবং নিজেদের মধ্যে মতবিনিময় করেছি।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের ভবিষ্যৎ সংসদ সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। জনগণ দীর্ঘদিন ধরে যে ধরনের একটি গঠনমূলক ও কার্যকর সংসদ দেখতে চেয়েছিল, আমরা তা উপহার দেওয়ার চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here