এফএ কাপের শেষ ষোলোর লড়াইয়ে দাপুটে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। শুক্রবার রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্নে স্লটের শিষ্যরা। এই জয়ে অলরেড শিবিরে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি ম্যাচের অপ্রত্যাশিত নায়ক হয়ে উঠেছেন স্কটিশ ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন।
ম্যাচের প্রথমার্ধে লিভারপুল বেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও গোলের দেখা পায়নি। বিশেষ করে ১৭ বছর বয়সী উইঙ্গার রিও এনগুমোহা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে উলভস রক্ষণভাগকে বারবার ব্যস্ত রাখেন। তার গতি ও কৌশলী ফুটবলে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। এর মধ্যে কোডি গাকপো একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এছাড়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনগুমোহার শট রুখে দেন উলভস গোলরক্ষক স্যাম জনস্টোন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দৃশ্যপট বদলে যায়। ৫০ মিনিটের দিকে এনগুমোহার তৈরি করা আক্রমণ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন অ্যান্ডি রবার্টসন। এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। রবার্টসনের নিচু ক্রস ছয় গজ বক্সে পৌঁছালে সেটি জালে পাঠান মিসরীয় এই তারকা। শুরুতে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআর প্রযুক্তির সহায়তায় গোলটি বৈধ বলে গণ্য হয়।
ম্যাচের ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন কার্টিস জোন্স। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্বাগতিকদের হাতে চলে যায়। শেষ দিকে ইনজুরি টাইমে উলভসের হয়ে একটি সান্ত্বনার গোল করেন হোয়াং হি-চান, তবে তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
এই ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইককে বিশ্রাম দিয়ে ইব্রাহিমা কোনাতেকে সুযোগ দিয়েছিলেন কোচ আর্নে স্লট। এই জয়ের মাধ্যমে ২০২২ সালের চ্যাম্পিয়ন লিভারপুল এফএ কাপের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করল। ২০১২ সালে ফাইনালে ওঠার পর থেকে এ নিয়ে মাত্র চতুর্থবারের মতো টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিল অলরেডরা।