গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ডের ভিটিপাড়া এলাকায় জুট ব্যবসাকে কেন্দ্র করে গুলি, ককটেল বিস্ফোরণ এবং ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) এই ঘটনায় জুটবোঝাই ট্রাক থেকে মালামাল লুট এবং নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। হামলাকারীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। সেই চুক্তির ভিত্তিতে শনিবার ঝুট সংগ্রহ করতে গেলে তারা অতর্কিত হামলার শিকার হন। ঝুটবোঝাই একটি ট্রাক নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা ট্রাক থামিয়ে ঝুট লুটে নেওয়ার চেষ্টা করে এবং ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের অনেকের হাতে রামদা ও লাঠিসোঁটা ছিল। তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তারা আরও জানান, এর আগেও এই ফ্যাক্টরিতে জুট নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল, যাতে কয়েকজন গুরুতর আহত হন এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে।
বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ‘ঝুট ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।