চাঁদপুরে জাটকা ধরায় ২৩ জেলে আটক, ৬৫ হাজার টাকা জরিমানা

0
25
চাঁদপুরে জাটকা ধরায় ২৩ জেলে আটক, ৬৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৩ জন জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। শনিবার (৭ মার্চ) দুপুরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা থেকে ১৭ জন এবং মতলব উত্তর উপজেলা থেকে ৬ জন জেলেকে আটক করা হয়। সদর থেকে আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মতলবে আটক ৬ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন—আক্তার হোসেন (৩৪), মো. কাউছার (২৬), খোরশেদ আলম (৩৫), মো. বাচ্চু মিয়া (৩২), মো. নাজিম উদ্দিন (৩৯), মো. আজাদ (৪৫), মো. বারেক (২২), মো. শরীফ (২৪), সাইদুর রহমান (২৪), আবু সাইদ (৪৫), মো. নিয়ামত ভুঁইয়া (৪০), মো. মনির (৩৭) ও মো. সাগর (২৮)। তাদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর, শরীয়তপুর ও নোয়াখালী জেলায়।

মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর হরিণা থেকে কাচিকাটা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩টি মাছ ধরার ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।

রাতেই চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here