নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মইশড় গ্রামে এই জঘন্য ঘটনা ঘটে। গ্রেপ্তার মতিবুল ইসলাম ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। শিশুটির মা জানান, বাড়ির পাশে খেলাধুলা করার সময় মতিবুল তাকে খাবার দেওয়ার কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সুচিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।