নেত্রকোনায় ঘরের ভেতর মিলল শিশুর ঝুলন্ত মরদেহ, ধর্ষণের সন্দেহ

0
19
নেত্রকোনায় ঘরের ভেতর মিলল শিশুর ঝুলন্ত মরদেহ, ধর্ষণের সন্দেহ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বসতঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে।

নিহত শিশুটি ওই গ্রামের অটোরিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ভাত খেয়ে বাড়িতে একা বসে ছবি আঁকছিল শিশুটি। সে সময় তার বাবা বাড়িতে ছিলেন না এবং মা ছাগল আনতে বাড়ির বাইরে মাঠে গিয়েছিলেন। কিছুক্ষণ পর মা ফিরে এসে দেখেন, ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মেয়ে ঝুলছে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা অভিযোগ করে বলেন, মেয়েকে ঝুলন্ত অবস্থা থেকে নামানোর সময় তার পরনে থাকা পায়জামা খোলা অবস্থায় ছিল। তিনি এই নির্মম ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ সুরতহাল করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ঝুলিয়ে দেওয়ার আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here