অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীনের নেতৃত্বে ‘অল্টারনেটিভস’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭ সদস্যের ‘ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ ঘোষণা করা হয়। পরে মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বিজ্ঞপ্তিটি শেয়ার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশের ছাত্র-নাগরিকদের পুনর্গঠিত করাই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। নবগঠিত কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান কাজ হবে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং নীরবে থাকা সক্রিয় কর্মীদের সম্পৃক্ত করে নতুন নেতৃত্ব গড়ে তোলা। এছাড়া একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটিকে সারা দেশে বিস্তৃত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক ও জনতাকে একত্রিত করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন। সাংগঠনিক প্রয়োজনে ভবিষ্যতে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে।
১৭ সদস্যের এই কমিটিতে মাহফুজ আলম ছাড়া অন্য সংগঠকরা হলেন—আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনুভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী। এদের মধ্যে তাজনুভা জাবীন ও হাসান আলী এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইমন সৈয়দ দলটির সাবেক যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করেছেন।