যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।
রোববার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এই ভাষণে তিনি দেশের মাটি ও পানি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শত্রু দেশগুলো আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো হলে ইরান তার জবাব দিতে বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে, ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে এবং অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে।
জনগণকে ঐক্যবদ্ধ থাকার এবং প্রয়োজনে রাস্তায় নামার আহ্বান জানিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। আমাদের মাটি ও পানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।