নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে একাধিক প্রার্থীকে হারানো হয়েছে: নাহিদ ইসলাম

0
27
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে একাধিক প্রার্থীকে হারানো হয়েছে: নাহিদ ইসলাম

নির্বাচনে পরিকল্পিতভাবে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় উপনেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের ফলাফলে কারচুপির মাধ্যমে তাদের কয়েকজন জনপ্রিয় প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। তিনি সুনির্দিষ্টভাবে নাসীরুউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেন, পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে তাদের হারানো হয়েছে। একইভাবে ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীকেও ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বলে জানান বিরোধীদলীয় উপনেতা। তিনি বলেন, “আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে ফলাফল মেনে নিয়েছি। কিন্তু নির্বাচনের পর খুব অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতি যে দিকে মোড় নিচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।”

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ ব্যাংক দখলের অপচেষ্টা, সংসদে ঋণখেলাপিদের জায়গা দেওয়া এবং দুর্নীতি দমন কমিশনকে দলীয় প্রভাবের মধ্যে নেওয়ার উদ্যোগকে জনগণ উদ্বেগের সঙ্গে দেখছে বলে মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here