এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা

0
27
এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন এবং মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানা জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, বেলা সাড়ে ১১টায় মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই বিবাদী নাসিরুদ্দীন পাটোয়ারী বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন পত্রিকায় তিনি বাদী ও মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে হুমকি এবং আপত্তিকর মন্তব্য প্রচার করছেন।

সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে নাসিরুদ্দীন পাটোয়ারীর একটি মানহানিকর বক্তব্য ভাইরাল হয়, যেখানে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশের ক্রিমিনাল র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ হিসেবে উল্লেখ করেন। অভিযোগে বলা হয়েছে, এই ধরনের বক্তব্য অত্যন্ত মানহানিকর, নিন্দনীয় এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় মির্জা আব্বাসের সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ক্যারিয়ার ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়েছে।

মামলায় বিবাদী নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here