ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

0
24
ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

বিশ্ব ক্রিকেটের নজর যখন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, তখন ঢাকার মাটিতে শুরু হতে যাচ্ছে ভিন্ন এক ক্রিকেটীয় লড়াই। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবারও বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল।

রোববার ভোরে পেসার শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান দলের প্রথম বহর ঢাকায় এসে পৌঁছায়। দলের বাকি অংশ সোমবার আসবে বলে জানা গেছে। এর আগে শনিবার প্রধান কোচ মাইক হেসেনের সঙ্গে সাপোর্ট স্টাফদের একটি দল ঢাকায় পৌঁছেছে।

মূলত আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই সফরে তিন সংস্করণেই খেলার কথা ছিল পাকিস্তানের। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যস্ততার কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এবার কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। পিএসএল শেষ হওয়ার পর আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান।

সর্বশেষ ২০১৫ সালে পূর্ণাঙ্গ সফরে এসে বাংলাদেশে ওয়ানডে খেলেছিল পাকিস্তান। এরপর ২০২১ ও ২০২৫ সালে সফর করলেও সেগুলো ছিল কেবল টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজকেন্দ্রিক।

সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে। সিরিজ শেষে ১৬ মার্চ দেশে ফিরে যাবে পাকিস্তান দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here