আগামীকাল থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

0
23
আগামীকাল থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট বৈশ্বিক সংকট এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে ঈদুল ফিতর পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কার্যকর থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, জানালা-দরজা খোলা রাখা, এবং বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার নিশ্চিত করা। এছাড়া অফিস চলাকালীন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস ত্যাগের সময় কক্ষের সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা এবং করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার পরিহার করতে বলা হয়েছে। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, অফিসের সময় শেষে কম্পিউটার, প্রিন্টারসহ সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা এবং যাবতীয় আলোকসজ্জা পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। গাড়ির ব্যবহার সীমিত করার পাশাপাশি জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here