ঝিনাইদহে তেল পাম্পের কর্মচারীদের পিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (৭ মার্চ) রাতের এই ঘটনায় শহরের আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে ব্যাপক ভাঙচুর এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ৩টার দিকে বাস টার্মিনালে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
এর আগে রাত প্রায় ১টার দিকে যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ জনতা শহরের আরাপপুর এলাকায় অবস্থিত সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
ঘটনার সূত্রপাত শনিবার রাত ৮টার দিকে। বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মারধরে নিরব নামের এক যুবক নিহত হন।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ হোসেন নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা ঝিনাইদহ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে এবং সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর চালিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।