দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় তার ব্যক্তিগত জীবন নিয়ে চলমান গুঞ্জন ও বিতর্কের মাঝে ভক্তদের বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন বিজয় ভক্তদের উদ্দেশে বলেন, এসব বিষয়ে ভেবে তাদের সময় নষ্ট করা উচিত নয়।
সম্প্রতি নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয় জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে যেসব খবর ছড়াচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, তিনি নিজের খেয়াল রাখতে সক্ষম। তবে তার ব্যক্তিগত ঘটনার কারণে অনুরাগীরা কষ্ট পেলে সেটি তাকেও ব্যথিত করে।
এদিকে অভিনেতার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদল ভক্ত তার এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখলেও অন্য একটি অংশ একে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছে।
উল্লেখ্য, স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিজয়ের দীর্ঘদিনের দাম্পত্য কলহ এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। সঙ্গীতা ইতোমধ্যে প্রতারণার অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন এবং শ্বশুরবাড়িতে থাকার অধিকার চেয়ে পুনরায় আদালতের শরণাপন্ন হয়েছেন। গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের অংশ হিসেবে বিজয় স্ত্রীকে প্রায় ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন।
অন্যদিকে, অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি চেন্নাইয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। বর্তমানে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেতার ব্যক্তিগত জীবন এখন তামিলনাড়ুসহ পুরো ভারতের বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।