৯ দিনে বাতিল ৩০০ ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

0
24
৯ দিনে বাতিল ৩০০ ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৯ দিনে প্রায় ৩০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ওপর দিয়ে আকাশসীমা বন্ধ থাকায় এবং নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। রোববার (৮ মার্চ) বাতিল হয়েছে আরও ২৬টি ফ্লাইট। তবে এদিন স্বল্প পরিসরে ৩৬টি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার বাতিলকৃত ২৬টি ফ্লাইটের মধ্যে রয়েছে—কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি এবং সৌদিয়া এয়ারলাইনসের ২টি ফ্লাইট।

তবে এদিন মধ্যপ্রাচ্যের মাস্কটে ৬টি, কুয়েতে ১৬টি এবং সংযুক্ত আরব আমিরাতে ১৪টিসহ মোট ৩৬টি ফ্লাইট স্বল্প পরিসরে পরিচালিত হচ্ছে।

ফ্লাইট বাতিলের কারণে চরম বিপাকে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কেউ কেউ দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়ে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here