দেশের ক্রীড়া সাংবাদিকতা অঙ্গনের সুপরিচিত মুখ রাজু আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে নিজ গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ২টার দিকে মির্জাপুরে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন রাজু। একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। আজ রাতেই মির্জাপুরের মৌসামুরা গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।
রাজু আহমেদ দীর্ঘ দিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি জনপ্রিয় দৈনিক যায়যায়দিন, ডেসটিনি এবং সর্বশেষ দৈনিক সময়ের আলো-তে কাজ করেছেন। প্রায় বছরখানেক আগে বাবার মৃত্যুর পর মায়ের সেবা করার উদ্দেশ্যে ঢাকার সাংবাদিকতা ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যান তিনি। সেখানে একটি ওষুধের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করছিলেন।
রাজু আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের প্রাচীনতম ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। শোক বার্তায় সংগঠনগুলো মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মৃত্যুকালে রাজু আহমেদ মা, স্ত্রী, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।