বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে মৎস্য অধিদপ্তরের পরিচালিত এক বিশেষ অভিযানে ১৪ জন জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোরে চালানো এই অভিযানে জেলেদের কাছ থেকে পাঙ্গাস মাছের পোনা ধরার চাই এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
আটক জেলেরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার শাহাবুদ্দিন, সাইদুল ইসলাম, জাকির, রুবেল মাঝি; বাবুগঞ্জ এলাকার রাসেল ও আরিফ; বাথুয়া এলাকার আল আমিন; মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়ার উত্তর দাদপুর এলাকার শাহ আলম; হিজলা উপজেলার ধুলখোলা পালপাড়া এলাকার নূর ইসলাম রাঢ়ি, মো. আনিচ ও মো. সাকিল মাঝি; নোয়াখালীর চেয়ারম্যানঘাটের চরকাশিয়া এলাকার মো. মিরাজ হোসেন ও মো. ইব্রাহীম এবং ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. সুলাইমান।
অভিযানের পর আটক জেলেদের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত ১০ জন জেলেকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দকৃত অবৈধ চাই ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।