সৌদি আরবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন, যার মধ্যে এক সন্তান জন্মগতভাবে প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রাজনৈতিকভাবে বাচ্চু মিয়া জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সৌদি আরব শাখা জামায়াতের একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং দেশে থাকাকালেও দলটির সক্রিয় রাজনীতি করতেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
মক্কা প্রবাসী ও কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হুসাইন জানিয়েছেন, যে এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে, সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই ঘাঁটি লক্ষ্য করেই ইরান এই হামলা চালিয়েছিল।