‘জুলাই সনদ’ বাস্তবায়নে সংসদে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা নাহিদ ইসলামের

0
17
'জুলাই সনদ' বাস্তবায়নে সংসদে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সংসদে সকল দলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বর্তমান নির্বাচিত সরকারের উৎস স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই সরকার কোনো সাধারণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আসেনি, বরং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও অন্তর্বর্তী সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “এই সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই সনদ। এটি যেন নির্বাচিত সরকার বা আমরা কেউ ভুলে না যাই।” তিনি আরও যোগ করেন যে, পুরোনো সংবিধানের দোহাই দিয়ে যদি সংস্কার বা শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয়, তবে তা হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল হবে।

ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিকে একটি ‘সুন্দর মুহূর্ত’ হিসেবে অভিহিত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, হাজারো ভাই-বোনের আত্মত্যাগ ও রাজপথের লড়াইয়ের কারণেই আজ এই উন্মুক্ত রাজনৈতিক কর্মসূচি সম্ভব হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করে একটি ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সংসদের ভেতরেও এই ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। এছাড়াও এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here