রাজধানীসহ সারাদেশে জ্বালানি তেলের তীব্র সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ লাইনে সাধারণ মানুষের চরম দুর্ভোগের প্রেক্ষাপটে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে তিনি বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধরার এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির বর্তমানে তেল নিতে কিলোমিটারের পর কিলোমিটার লাইন ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দৃশ্যকে ‘অত্যন্ত কষ্টের’ বলে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন যে, রোজাদার মানুষ এই দীর্ঘ অপেক্ষায় চরম বিড়ম্বনায় পড়ছেন। এছাড়া এই সংকট কেবল সাধারণ মানুষের যাতায়াতই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। সামনে ঈদযাত্রা শুরু হতে যাওয়ায় পরিস্থিতি দ্রুত সমাধান না হলে ঘরমুখো মানুষের দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ডা. শফিকুর রহমান সরকারকে দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। তিনি বর্তমান সংকট কাটাতে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি পুনরায় আহ্বান জানান।
এই সংকটময় পরিস্থিতিতে জামায়াত আমির দেশবাসীর প্রতিও বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়ার পাশাপাশি অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার না করার জন্য দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান।