মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ফতেপুর ইটভাটার কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মান্নাফ মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেন—মান্নাফের মেয়ে তাসলিমা খাতুন এবং তাঁর দুই নাতনি খাদিজা খাতুন (৩) ও তিন মাস বয়সী শিশু চাঁদনী খাতুন। আহতদের দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তাসলিমা খাতুন ও তাঁর দুই শিশু সন্তানের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, সকালে আব্দুল মান্নাফ তাঁর মেয়ে ও নাতনিদের নিয়ে মোটরসাইকেলে করে কামদেবপুর থেকে শোলমারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি আরওয়ান-৫ মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নাফ মারা যান। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়। তবে অপর মোটরসাইকেলটির চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে পাশাপাশি যাওয়ার সময় মোটরসাইকেল দুটি একে অপরকে সাইড দিতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।