নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

0
28
নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এই জয়ের মাধ্যমে ভারত বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয়ের অনন্য নজির স্থাপন করল। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুবার করে এবং পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া একবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ফাইনালে ভারতের দেওয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। ওপেনার ফিন অ্যালেন ৯, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ এবং মার্ক চ্যাপম্যান ৩ রান করে দ্রুত বিদায় নেন।

একপ্রান্তে নিয়মিত উইকেট পতন হলেও অন্যপ্রান্তে লড়ে যান ওপেনার টিম সেইফার্ট। ২৬ বলে ৫২ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল দুটি চার ও পাঁচটি ছক্কায়। এছাড়া ড্যারেল মিচেল ১৭ এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করলেও দলের পরাজয় এড়াতে পারেননি। জেমস নিশাম ৮, ম্যাট হেনরি ০, লকি ফার্গুসন ৬ ও জ্যাকব ডাফি ৩ রানে আউট হলে সব উইকেট হারিয়ে ১৫৯ রানেই থামে নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ মাত্র ১৫ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন।

এর আগে আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। দুই ওপেনার প্রথম দুই ওভার দেখে-শুনে খেললেও এরপরই কিউই বোলারদের ওপর চড়াও হন। প্রথম ছয় ওভারেই বিনা উইকেটে ৯২ রান তোলে ভারত। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা, শেষ পর্যন্ত তিনি ২১ বলে ৫১ রান করেন।

দ্বিতীয় উইকেটে ইশান কিষাণকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালান সঞ্জু স্যামসন। সেঞ্চুরির পথে থাকলেও ৮৯ রানে থামতে হয় তাকে। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা। ইশান কিষাণও ২৫ বলে ৫৪ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব শূন্য রানে ফিরলেও হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ এবং শেষদিকে শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিলক ভার্মা ৬ বলে ৮ রানে অপরাজিত থাকলে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।

নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম সর্বোচ্চ ৩টি উইকেট নেন, এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here