জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, এ বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় ‘জাতীয় ছাত্রশক্তি’ জাবি সংসদ আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় জাবির রাজনৈতিক সহাবস্থানের প্রশংসা করে আসিফ মাহমুদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ইস্যুগুলোতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সব সময় সৌহার্দ্যপূর্ণ মনোভাব দেখা যায়। তিনি দেশের প্রতিটি ক্যাম্পাসে এমন বন্ধুত্বপূর্ণ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আজকের এই আয়োজনে জুলাইয়ের চেতনা যেন পুনরায় উজ্জীবিত হয়েছে। বৈচিত্র্যের নামে বিভাজন যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের ঐক্যের ডাক দিয়ে উপাচার্য বলেন, নিজেদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রথমে বিশ্ববিদ্যালয় এবং পরে পুরো দেশকে গড়ে তুলতে ও রক্ষা করতে হবে।
উপাচার্য এই মহতী ইফতার আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোকে আমন্ত্রণ জানানোর জন্য অনুষ্ঠান পরিচালনা কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আয়োজিত এই ইফতার মাহফিলে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষার আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।