টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত শহীদ ক্যাডেট স্কুলের একাডেমিক ভবনের ৬ তলা থেকে পড়ে মুহিদুল ইসলাম লামিত নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
স্কুল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৬ তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয় লামিত। তাৎক্ষণিকভাবে স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার এই মৃত্যুকে কেবল দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। লামিতের দাদা ও চাচা অভিযোগ করেছেন, শিক্ষকদের চরম অবহেলা এবং যথাযথ তদারকির অভাবেই এমন ঘটনা ঘটেছে। তাঁরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শহীদ ক্যাডেট স্কুলের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ অভিহিত করে জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো বিচ্যুতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।