যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে: আরাগচি

0
24
যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে। মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে, ততদিন এই হামলা চালিয়ে যাওয়া হবে এবং ইরান এর জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানে যুদ্ধ শিগগিরই শেষ হতে চলেছে। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই দেওয়া সাক্ষাৎকারে আরাগচি পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “গোলাগুলি অব্যাহত আছে এবং আমরা আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদের ওপর আঘাত হানতে প্রস্তুত আছি। এতে যতদিন লাগে, লাগুক।”

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে কোনো প্রকার আলোচনায় বসতে তেহরান আর আগ্রহী নয়। তিনি বলেন, “মার্কিনিদের সঙ্গে এর আগেও কয়েকবার আমরা সংলাপে বসেছি, কিন্তু সেসব অভিজ্ঞতা খুবই তিক্ত। আমরা আর সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাই না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আর আমাদের এজেন্ডার তালিকায় নেই।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ দিন সংলাপ চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিমান হামলায় ইরানের জ্বালানি কাঠামো ও তেলের ডিপো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

তবে সাক্ষাৎকারে সৈয়দ আব্বাস আরাগচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে লক্ষ্য নিয়ে ইরানে অভিযান শুরু করেছিল, তা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here