Home রাজনীতি সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না জামায়াত

সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না জামায়াত

সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না জামায়াত

‘জুলাই সনদ’ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হলে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুমাত্র ‘অলঙ্কার’ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির অন্যতম নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন।

শিশির মনির তাঁর পোস্টে উল্লেখ করেন, “জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধীদল শুধুমাত্র অলঙ্কার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না ইনশাল্লাহ।” দিনের শুরুতে অপর এক পোস্টে তিনি জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে লেখেন, ১৮ কোটি মানুষের এই বড় অর্থনীতিতে সংকট আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই সংকট মোকাবিলায় সৎ, দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য অপরিহার্য। তবে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ না মানার কারণে দেশে রাজনৈতিক অনৈক্য বাড়ছে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সূত্রমতে, সম্প্রতি সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে এক চা-চক্রে ডেপুটি স্পিকারের পদটি জামায়াতকে দেওয়ার প্রস্তাব করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জুলাই সনদ’ ও রাজনৈতিক সমঝোতার প্রতি সম্মান জানিয়ে তারা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দিতে আগ্রহী। তবে জামায়াত নেতারা মনে করছেন, কেবল একটি আলঙ্কারিক পদ গ্রহণ করার চেয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান ও রাষ্ট্রযন্ত্রের মৌলিক সংস্কারগুলো (যেমন: পিআর পদ্ধতিতে নির্বাচন, উচ্চকক্ষ গঠন, নিরপেক্ষ নির্বাচন কমিশন) নিশ্চিত করা বেশি জরুরি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ তৈরি করা হয়। এই সনদে শাসনব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার রয়েছে। জামায়াতে ইসলামীর অবস্থান হলো, এই সনদের প্রতিটি শর্ত ও গণভোটের রায় যথাযথভাবে কার্যকর করার স্পষ্ট রূপরেখা ছাড়া তারা সরকারের কোনো আনুষ্ঠানিক পদ গ্রহণে আগ্রহী নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here