মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার কোনো শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

0
17
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার কোনো শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন ধরে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা বা ‘বন্ধাত্ব’ বিরাজ করছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরি হয় না, আর কর্মসংস্থান না থাকলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। তিনি জানান, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সূরিয়ারপাড় গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব সম্পর্কে মন্ত্রী বলেন, এই যুদ্ধের ফলে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সাগরপথ দীর্ঘ সময় বন্ধ থাকলে নৌপথে পরিবহন খরচ বাড়তে পারে। তবে তিনি আশ্বস্ত করেন যে, এই মুহূর্তে দ্রব্যমূল্য বাড়ার কোনো শঙ্কা নেই।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের মাত্র ২১তম দিনে দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন যে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, এই কার্ড বিতরণের মূল উদ্দেশ্য হলো পরিবারের মুখে হাসি ফোটানো এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনা।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়সর আহমেদ এবং সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here