মিরপুরে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় হাসপাতালে দুজনের মৃত্যু

0
22
মিরপুরে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় হাসপাতালে দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন ‘এলএ প্লাজা’য় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুনে ভবনের ভেতরে আটকা পড়া ২৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি রাকিব হাসান (৩৫)। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫২ মিনিটে ১১ তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে আতঙ্কিত লোকজন উপরের দিকে ছুটতে থাকেন। অনেকেই ছাদে আশ্রয় নেন, আবার কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের কর্মীরা টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করেন। উদ্ধারের সময় চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে অচেতন অবস্থায় এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত ধোঁয়ায় ফুসফুসে সমস্যা হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here