মেহেরপুরে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

0
17
মেহেরপুরে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এলাঙ্গী গ্রামের মোশাররফ হোসেন কালু, বিএনপি স্থানীয় নেতা খাইরুল ইসলাম ও রাসেল আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে বিএনপি সভাপতি আলফাজ উদ্দীন কালুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার সময় গাংনী উপজেলা রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে সকাল ১০টা থেকেই উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর লোকজন লাঠিসোঁটা নিয়ে কড়ইগাছি মোড়ে ও প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলামের লোকজন রায়পুর ইউনিয়ন পরিষদের ভেতরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন।

ঘটনাস্থলে বর্তমানে বিপুল পরিমাণ সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, সরকার পরিবর্তনের পরপরই রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে সরিয়ে দিয়ে ওয়ার্ড সদস্য সারগিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে সারগিদুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

কিন্তু বিএনপির উপজেলা কমিটির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও তাদের লোকজন দাবি করেছেন, সারগিদুল ইসলাম অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গরিবদের জন্য বরাদ্দ করা বিভিন্ন সুযোগ-সুবিধা তার নিজের লোকজনের মধ্যে ভাগ বাটোয়ারা করছেন। এর প্রতিবাদ জানাতে আজকে বিএনপির স্থানীয় লোকজন এখানে এসেছে।

এদিকে প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে। সে হিসেবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছি। পবিত্র ঈদুল ফিতরের ভিজিএফের চাল বিতরণ হবে। কিন্তু গতকাল থেকেই এলাকায় তারা ভিজিএফের চাল লুট করবে বলে প্রচার করে আসছে। তাই আজকে আমি ও আমার লোকজন পরিষদের ভেতরে অবস্থান নিয়েছি।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাশ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here