হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মামুন গ্রেফতার

0
14
হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মামুন গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মামুনকে (২২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১০ মার্চ) র‍্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) রাতে রংপুর মহানগরের লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন হাতীবান্ধা উপজেলার মৃত সামছুল হকের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, প্রতিবেশী ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন মামুন। গত ২৫ জানুয়ারি ছাত্রীর পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে মামুন নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। নিরুপায় হয়ে ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে গত ১ মার্চ হাতীবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই মামুন আত্মগোপনে ছিলেন।

র‍্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here