আইসিসির প্রাইজমানির চেয়েও বেশি অর্থ ক্রিকেটারদের দিচ্ছে বিসিসিআই

0
14
আইসিসির প্রাইজমানির চেয়েও বেশি অর্থ ক্রিকেটারদের দিচ্ছে বিসিসিআই

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ধরে রাখা, ঘরের মাঠে শিরোপা জয় এবং রেকর্ড তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।

এই আকাশচুম্বী সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দলের জন্য রেকর্ড ১৩১ কোটি রুপির আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।

আইসিসি বিশ্বকাপের জন্য যে প্রাইজমানি নির্ধারণ করেছিল, বিসিসিআইয়ের ঘোষিত পুরস্কারের পরিমাণ তা ছাড়িয়ে গেছে। বিশ্বকাপে আইসিসির মোট প্রাইজমানি ছিল ১২১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা)। বিসিসিআই তার চেয়েও ১৩ কোটি রুপি বেশি দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিসিআই ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল, এবার তা ৬ কোটি রুপি বাড়ানো হয়েছে।

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ টিম ইন্ডিয়ার বিজয়ী অভিযানের পর তাদের জন্য ১৩১ কোটি রুপির নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহমেদাবাদের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত মর্যাদাপূর্ণ এই ট্রফি জয় করেছে এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার গৌরব অর্জন করেছে। এই জয়ের ফলে ভারত প্রথম দল হিসেবে তিনবার আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ল।’

বোর্ড ঐতিহাসিক এই অর্জনের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে তাদের অব্যাহত সাফল্য কামনা করেছে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আইসিসির কাছ থেকে সাড়ে ২৭ কোটি রুপি পেয়েছে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here