পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজানকে কেন্দ্র করে সিলেটে সক্রিয় হয়ে ওঠা ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৯ মার্চ) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে ১৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ঈদ সামনে রেখে সিলেটে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান চালানো হয়। এই চক্রটি মূলত অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা, মোবাইল, স্বর্ণালংকার ও ব্যাগ ছিনিয়ে আসছিল। জননিরাপত্তা বজায় রাখতে র্যাবের একাধিক দল একযোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অভিযান পরিচালনা করে।
আটককৃতদের মধ্যে সিলেট নগরী ও জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোর বাসিন্দারাও রয়েছে। এদের মধ্যে রয়েছেন রিমন আহমদ (৩৬), শিহাব আহমেদ জগলু, রিয়াজ আহমদ (২২), বাবলু আহমদ (২৮), রাজু ইসলাম শফিক (২২), মইনুল ইসলাম ডাইল (৩৮), সুমন (২৫), সাবুল আহমদ (২৫), সুহেল আহমদ (২১), ইমন আহমদ (৩০), নুরুল ইসলাম শুভ (২০), দিব্য সরকার (২২), রিপন মিয়া (৩২), জাবেদ ওরফে নেইমার (২৪), আলাল হোসেন (২৩) এবং জাকির হোসেন (২৭)।
র্যাব জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের কেনাকাটা ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সিলেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।