দলীয় সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক হওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এই পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য নিশ্চিত করেছেন যে, বিশেষ করে জনসম্মুখে এবং গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সংযত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাঁর যে দায়িত্ব, সেই নির্দিষ্ট বিষয়ের বাইরে গিয়ে যেন কেউ অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য না করেন।
সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই সভায় ২০৯ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।
সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য রাখেন। এরপর বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য প্রদান করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো দাপ্তরিক কাজ সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে জনগণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান তিনি।