জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

0
13
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।

বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। দুই মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী তাসলিমা জাহান পপি।

গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করে দুদক। মামলার অভিযোগে বলা হয়েছে, তাঁর নামে মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা। দুদকের অনুসন্ধান অনুযায়ী, তাঁর বৈধ আয়ের উৎস থেকে আয় পাওয়া গেছে মাত্র ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। ফলে তাঁর আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ বেশি পাওয়া যায়, যা মোট সম্পদের প্রায় ৭৭ শতাংশ।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি এই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। দুদকের করা মামলার পাশাপাশি উত্তরা পশ্চিম থানায় করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায়ও তিনি অভিযুক্ত ছিলেন, যেটিতে গত ৫ মার্চ তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। আজকের আদেশের মাধ্যমে তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন নিশ্চিত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here