সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় ডিএমপির বিশেষ নির্দেশনা

0
17
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় ডিএমপির বিশেষ নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরস্থ সংসদ ভবন এলাকাসহ আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্দিষ্ট কিছু এলাকায় যান চলাচল সীমিত ও ডাইভারশন কার্যকর করা হবে।

ডিএমপি জানায়, অধিবেশন চলাকালে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি যানবাহন চলাচল করবে। এ কারণে যানজট এড়াতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডাইভারশন কার্যকর থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহনগুলো ডানে মোড় নিতে পারবে না; এসব যানবাহনকে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে যাতায়াত করতে হবে। একইভাবে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে রোকেয়া সরণিগামী যানবাহনকে বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নগরবাসীকে এই ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। জাতীয় সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত যানজট এড়াতে ডিএমপি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here