ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গায় ৯২ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল

0
14
ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গায় ৯২ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলা ও চারটি পৌরসভায় ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মসূচির অধীনে জেলার ৯২ হাজার ৫টি অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে মোট ৯২০.০৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ মার্চ থেকে শুরু হওয়া এই বিতরণ কার্যক্রম আগামী ১২ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে।

চুয়াডাঙ্গা জেলা ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশফাকুর রহমান জানান, বরাদ্দের তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারকে মাথা পিছু ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। বিতরণের এই হার নিশ্চিত করতে কঠোর তদারকি করা হচ্ছে।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, উপজেলাগুলোর মধ্যে আলমডাঙ্গায় সর্বোচ্চ ২৬ হাজার ২৪৩টি কার্ডের বিপরীতে ২৬২.৪৩০ মেট্রিক টন এবং সদর উপজেলায় ১৮ হাজার ১২১টি কার্ডের বিপরীতে ১৮১.২১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দামুড়হুদা ও জীবননগর উপজেলায় যথাক্রমে ১৯২.৯৯০ ও ১২৯.২২০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।

পৌরসভাগুলোর মধ্যে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা পৌরসভায় ৪ হাজার ৬২৫টি করে কার্ডের বিপরীতে ৪৬.২৫০ মেট্রিক টন এবং দর্শনা ও জীবননগর পৌরসভায় ৩ হাজার ৮৫টি করে কার্ডের বিপরীতে ৩০ মেট্রিক টনের বেশি চাল বরাদ্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামীণ ও শহরাঞ্চলের হতদরিদ্র এবং দুস্থ পরিবারগুলোর ঈদের আনন্দ বাড়িয়ে দিতেই এই মানবিক খাদ্য সহায়তা সময়মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here