প্রতি সপ্তাহে সারা দেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা প্রধানমন্ত্রীর

0
16
প্রতি সপ্তাহে সারা দেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা প্রধানমন্ত্রীর

আসন্ন বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এই লক্ষে আগামী ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি উল্লেখ করেন যে, এক সময় ডেঙ্গু নির্দিষ্ট মৌসুমের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিশেষজ্ঞরা সারা বছরই এর ঝুঁকি দেখছেন। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। বর্ষাকালে তিন দিনের বেশি জমে থাকা পরিষ্কার পানিতে মশা বংশবিস্তার করতে পারে বিধায় ড্রেন, নর্দমা এবং বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় ড্রাম, বালতি, ফুলের টব, পরিত্যক্ত টায়ার এবং বাসার ছাদে কোনোভাবেই যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন। তিনি বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল দর্শন হলো প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে আগাম প্রতিরোধ গড়ে তুলতে পারলে প্রাণহানি কমানো সম্ভব। এ লক্ষে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের নেতৃত্বে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় নিবিড় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত ও সামাজিক সচেতনতাই পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সুরক্ষা দিতে। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একদিন বাড়ির আঙিনা পরিষ্কার করার মাধ্যমে নিজেদের পাশাপাশি অন্যদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here