সংসদের প্রথম অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধান্তের আভাস: স্বরাষ্ট্রমন্ত্রী

0
20
সংসদের প্রথম অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধান্তের আভাস: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বসছে সংসদের এই প্রথম অধিবেশন।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, আগামীকাল সংসদ নেতা তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে অধিবেশনে স্পিকার পদের জন্য মনোনীত ব্যক্তির নাম উপস্থাপন করবেন। এরপর সংসদের বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করবেন। অধিবেশনের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, ‘আগামী ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলার পর একটি বিরতি দেওয়া হতে পারে।’

সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সংসদ অধিবেশন বসার পর আমরা জনপ্রত্যাশা এবং শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করব। জুলাই সনদে যেসব বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করবে।’

এদিকে বৈঠকে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা দায়িত্ব পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here