জাতীয় স্বার্থে সরকার-বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের

0
30
জাতীয় স্বার্থে সরকার-বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আশা প্রকাশ করেছেন যে, সরকার ও বিরোধী দল উভয় পক্ষ জাতীয় স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হিসেবে এই মহান সংসদ জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

স্পিকার তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সশস্ত্র সংগ্রামের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা চালুর মাধ্যমে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হলেও এ দেশের মানুষ বারবার স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সাম্প্রতিক ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে নিজের রাজনৈতিক জীবনের দেখা অন্যতম শ্রেষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে অভিহিত করেন স্পিকার। তিনি প্রতিটি সংসদ সদস্যকে তাঁদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল আদর্শ—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারই হওয়া উচিত সংসদ পরিচালনার মূল চালিকাশক্তি।

সংসদ পরিচালনায় পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা দিয়ে হাফিজ উদ্দিন আহমদ জানান, তিনি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আশ্বস্ত করেন যে, সংসদে বিরোধী দলকে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালনের জন্য সব ধরনের সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, “গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে চললেও জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সংসদ সদস্যদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদকে একটি প্রাণবন্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন স্পিকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here