ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

0
21
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদীয় রীতি অনুযায়ী, এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। রাষ্ট্রপতির এই ভাষণ পরবর্তীতে মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং সংসদ সদস্যরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী, সময়কাল ও এজেন্ডা নির্ধারণের জন্য সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এবারের অধিবেশনে সরকারি দল বা ট্রেজারি বেঞ্চের অন্যতম প্রধান কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১৮ মাসের মেয়াদে যেসব অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে, সেগুলোকে আইনে পরিণত করা। তথ্যমতে, মোট ১৩০টি অধ্যাদেশ সংসদের সামনে উপস্থাপন করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলের গেজেট প্রকাশের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন। দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় আজকের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন। শপথগ্রহণের সুবিধার্থে অধিবেশন ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুলতবি রাখা হতে পারে। এরপর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্যক্রম পরিচালিত হবে।

প্রথম বৈঠকেই নতুন স্পিকারের নেতৃত্বে কার্যউপদেষ্টা কমিটি এবং বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হতে পারে। এছাড়া রেওয়াজ অনুযায়ী অধিবেশনে শোক প্রস্তাবও গৃহীত হবে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসন পায়। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৬টি আসনে জয়ী হয়, যার মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি আসন লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here