ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

0
4
ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

ফেদেরিকো ভালভার্দের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চোটজর্জর দল নিয়ে মাঠে নামলেও উরুগুইয়ান এই মিডফিল্ডারের অসাধারণ নৈপুণ্যে বড় জয় নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের মতো তারকাদের অনুপস্থিতিতেও ভালভার্দে একাই গড়ে দিয়েছেন ম্যাচের ব্যবধান।

ম্যাচের শুরু থেকেই বল দখলে সিটি এগিয়ে থাকলেও আক্রমণে ধারালো ছিল রিয়াল। খেলার ২০ মিনিটেই আলভারো আরবেলোয়ার দলকে লিড এনে দেন ভালভার্দে। প্রতিপক্ষ গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার ভুলে এবং নিজের বুদ্ধিমত্তায় প্রথম গোলটি করেন তিনি। মাত্র সাত মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। প্রথমার্ধের ৪২ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে ঠান্ডা মাথায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে, যা তার এক দশকের সিনিয়র ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক।

বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও পেনাল্টি মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র। সিটির গোলরক্ষক দোন্নারুমা তাকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল, তবে দুর্বল শটে গোল করতে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান। অন্যদিকে আর্লিং হালান্ড ও বার্নার্দো সিলভারা বেশ কিছু সুযোগ তৈরি করলেও রিয়ালের রক্ষণ ও গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হন। বিশেষ করে ৬৭ মিনিটে হালান্ডের নিশ্চিত গোল স্লাইড করে রুখে দেন অ্যান্টোনিও রুডিগার।

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে থাকল তারা। আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে দ্বিতীয় লেগের ম্যাচে স্বাগতিক সিটির মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here