পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর গাবতলী এলাকায় ফিটনেসবিহীন মোটরযান ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৩ মার্চ) সকালে ঢাকার ট্রাফিক রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় পুলিশ কর্মকর্তারা গাবতলী এলাকার কয়েকটি মোটরযান ওয়ার্কশপে হানা দেন, যাতে ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে। এছাড়া ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার পরিদর্শন করেন তাঁরা। কর্মকর্তারা সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ভাড়ার বিষয়ে খোঁজখবর নেন।
অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি আনিসুর রহমান বলেন, ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সড়কপথে চাঁদাবাজির ক্ষেত্রে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।