সিঙ্গাপুরে নয়, এভারকেয়ারেই মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

0
16
সিঙ্গাপুরে নয়, এভারকেয়ারেই মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এই অস্ত্রোপচার শুরু হয় এবং পরবর্তীতে তা সফলভাবে সম্পন্ন হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্টে পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যায়। এর পরিপ্রেক্ষিতে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি জরুরি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদসহ দেশসেরা বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত ছিলেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান। তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তাকে আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি থাকলেও চিকিৎসকদের পরামর্শে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here