উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। হাসপাতালে তাঁরা মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।