রাষ্ট্রপতির অভিশংসন ও অপসারণ দাবি বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের

0
11
রাষ্ট্রপতির অভিশংসন ও অপসারণ দাবি বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অভিশংসনের মাধ্যমে তাঁর অপসারণ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহ নগরের জিমনেসিয়াম মাঠে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিকার ভূমিকা পালন করেছেন এবং তিনি শপথ ভঙ্গ করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে। তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত জাতীয় সংসদ গঠনের লক্ষ্য নিয়ে আমরা সংসদে গিয়েছিলাম। কিন্তু প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে।” স্পিকারকে এ বিষয়ে আপত্তি জানানো সত্ত্বেও সুযোগ না দেওয়ায় তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলে জানান তিনি।

এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার নেতা সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ গুপ্ত হামলা ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী। তিনি বৃহত্তর ময়মনসিংহের সাধারণ মানুষকে আওয়ামী লীগকে প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার জন্য দোয়া চান। ময়মনসিংহের স্থানীয় সমস্যা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে এবং বাসস্ট্যান্ডসহ বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি হচ্ছে। এ ছাড়া শহরের নাজুক ট্রাফিক ব্যবস্থা ও তীব্র যানজট নিরসনে প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।

ময়মনসিংহের এই আয়োজনের মধ্য দিয়ে এনসিপির ১০টি সাংগঠনিক বিভাগের ইফতার কর্মসূচি সম্পন্ন হলো। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. আতিক মোজাহিদ এমপি, অ্যাডভোকেট এ টি এম মাহাবুব উল আলমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here